সিলেটটুডে ডেস্ক | ২৭ জুলাই, ২০১৬
মহানগরীকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে মঙ্গলবার (২৬ জুলাই) থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। দুইদিনে সিলেট মহানগরীর এলাকায় প্রায় সাড়ে ১২শ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) অভিযানের প্রথম দিনে সুরমা মার্কেট পয়েন্ট হয়ে তালতলা এবং রিকাবীবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা ভিআইপি সড়ক ও আশেপাশের স্থাপনা এবং বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ করা হয়। প্রথম দিনে প্রায় ৬০০ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ করে সিলেট সিটি কর্পোরেশনের ‘বিশেষ টিম’।
দ্বিতীয় দিনে বুধবার (২৭ জুলাই) সকাল থেকে মহানগরীর দক্ষিণ সুরমার বিভিন্ন সড়ক ও রাস্তার পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ৬৫০টি ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ করা হয়। দক্ষিণ সুরমায় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ কাজ পরিদর্শন করেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস।
এদিকে এই ব্যাপারে সিটি কর্পোরেশনের চীফ কনজারভেন্সী অফিসার মোঃ হানিফুর রহমান জানান, যত্রতত্রভাবে যেখানে সেখানে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সাঁটানোর ফলে মহানগরী স্বাভাবিক সৌন্দর্য হারাচ্ছে। এর আগেও একাধিকবার সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ করা হয়েছে।
কিন্তু বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও মহানগরীতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড লাগানো অব্যাহত আছে। এজন্য আবারও নতুন করে অভিযান শুরু করা হয়েছে। মহানগরী স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান মোঃ হানিফুর রহমান।