Sylhet Today 24 PRINT

‘জঙ্গিবাদ জিহাদ নয়, মানুষ হত্যা পুণ্য নয়: আসুন রুখে দাঁড়াই’

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুলাই, ২০১৬

‘জঙ্গিবাদ জিহাদ নয়, মানুষ হত্যা পুণ্য নয়: আসুন রুখে দাঁড়াই’ , "ভাড়াটিয়ার তথ্য নিন/জঙ্গি হলে ধরিয়ে দিন" এরকম শ্লোগান সম্বলিত লিফলেট, স্টিকার নিয়ে সিলেটে জঙ্গিবাদ বিরোধী জনসচেতনা কর্মসূচি শুরু করেছে র‍্যাব।
 
বুধবার (২৭ জুলাই) সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে এই প্রচারণা কার্যক্রম শুরু করে এলিট ফোর্সটি। এ সময় রাস্তা দিয়ে যাওয়া বিভিন্ন গাড়ি, মোটরসাইকেল থামিয়ে যাত্রীরদের বিষয়টি অবগত করে তাদের গাড়িতে স্টিকার লাগিয়ে দেন তারা। র‍্যাবের বিতরণ করা লিফলেটে ও স্টিকারে  জঙ্গিদের বাড়ি ভাড়া না দিতে বাড়িওয়ালাদেরও সতর্ক করে দেয়া হয়েছে। জঙ্গিদের তথ্য সরবরাহ করতে সাধারণ মানুষের প্রতি আহবান জানানো হয়েছে।


বিকেলে এই প্রচারণা চালানোর সময়  র‍্যাব -৯  এর উপ অধিনায়ক মেজর হুমায়ুন কবির সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানুষকে সচেতন করতে র‍্যাব এই কর্মসূচি হাতে নিয়েছে, ধারাবাহিকভাবে বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি চলবে"। সাধারণ মানুষকে সাথে নিয়েই জঙ্গিবাদ রুখে দেয়া সম্ভব বলেও জানান এই কর্মকর্তা।

সিলেট অঞ্চলে জঙ্গিবাদের বিস্তার বা হামলার কোন শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমরা সতর্ক আছি, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সতর্ক আছি"।



সম্প্রতি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের কথিত প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করা তামিম আহমেদ চৌধুরীর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "তার ব্যাপারে কিছু তথ্য আপনাদের মত আমরাও পেয়েছি, তবে সর্বাত্মক সতর্কতা আছে, আশা করি বিপদ হবেনা"।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.