Sylhet Today 24 PRINT

১০ কোটি টাকা ব্যয়ে সিলেটে নির্মিত হচ্ছে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভবন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৬

সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর প্রধান কার্যালয়ের জন্য বহুতল বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় হবে ১০ কোটি টাকা। ব্যাংকের ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নগরীর নয়াসড়কস্থ প্রধান কার্যালয়ে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আরিফ মিয়ার সভাপতিত্বে এবং নির্বাহী কর্মকর্তা সজল চক্রবর্তীর পরিচালনায় বার্ষিক সাধারণ সভার শুরুতে আর্থিকসহ সামগ্রিক অবস্থার উপর রিপোর্ট পেশ করেন সভার সভাপতি।

রিপোর্টের উপর আলোচনা করেন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি বাদশা আহমদ, অন্যতম পরিচালক হাজী মোঃ মুজিবুর রহমান, মোঃ মঈন উদ্দিন, সাব্বির আহমদ জায়গীরদার, মোঃ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এইচ এম ফারুক হোসেন, মোঃ তুহিন মিয়া, চঞ্চল পাল। আমন্ত্রিত অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ, ইসমাইল হোসেন ও আফম রফিকুজ্জামান।

পরে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়। এতে মূলধন আয় দেখানো হয় ২৫ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। অর্থবছরের ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধৃত থাকবে ৯৮ লাখ ১০ হাজার টাকা। এছাড়া অর্থবছরের রাজস্ব আয় দেখানো হয়েছে ৫৫ লাখ ৮৫ হাজার টাকা এবং এ খাতে ব্যয় হবে ৫১ লাখ ৪৪ হাজার টাকা। উদ্ধৃত থাকবে ৪ লাখ ৪১ হাজার টাকা।

উপস্থিত ৬৪ জন সদস্য কণ্ঠভোটে প্রস্তাবিত বাজেট পাস করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.