নিজস্ব প্রতিবেদক | ২৮ জুলাই, ২০১৬
দেশের সাম্প্রতিক পরিস্থিতি উত্তরণের জন্য জঙ্গিবাদ মোকাবেলায় সকল স্তরের নাগরিকদের সাথে মতবিনিময় করবে সিলেট মহানগর পুলিশ।
শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, "সাম্প্রতিক কালে ঢাকার গুলশানের হোলি আর্টিজান রেস্তোরা ও কিশোরগঞ্জের শোলাকিয়া সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে কতিপয় বিপথগামী তরুণ সন্ত্রাসীদের হামলায় দেশী-বিদেশী নাগরিক, পুরোহিত, সেবায়েত, শিক্ষাবিদ ও ব্লগার মর্মান্তিক হত্যার শিকার হয়েছেন।"
"উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও সিলেট মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময়ের জন্য আগামী ৩০ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় ঘটিকায় "কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ" এর আয়োজন করা হয়েছে। "
এই সভায় নগরীর সকল নাগরিকদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি কামনা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।