নিজস্ব প্রতিবেদক | ২৮ জুলাই, ২০১৬
সিলেট নগরীর জিন্দাবাজারে কাকলি শপিং সেন্টারে দোকান মালিক ও ব্যবসায়ীর মধ্যে ভাড়া পাওনাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ায়, রাত ১০টা বাজার আগেই বন্ধ হয়ে যায় ঐ এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান। এসময় প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে এই রাস্তার যান চলাচল।
মার্কেটের ব্যবসায়ী সূত্রে জানা যায়, কাকলি শপিং সেন্টারের ৩১৪ নং দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে রেডিমেইড পোশাকের ব্যবসা করতেন বিপ্লব রায় লিটন। কিন্তু গত ৭ মাস ধরে দোকানটির ভাড়া পরিশোধ করছেন না বলে জানান দোকান মালিক জুবায়ের আহমেদ। দোকান ভাড়া ছাড়াও মার্কেটের সার্ভিস চার্জ হিসেবে প্রায় ২০ হাজার টাকা পাওনা আছে ব্যবসায়ী লিটনের কাছে বলে জানান মার্কেটের পরিচালক মুজিবুল হক জাবেদ। এই পাওনা টাকা পরিশোধের জন্য লিটনকে বিভিন্ন সময় তাগাদা দিলেও তা পরিশোধ করেননি বলে জানান তিনি।
পাওনা টাকা পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বিপ্লব রায় লিটন ২০/২৫ জনকে নিয়ে মার্কেটে হামলা চালায় বলে জানান মার্কেটের একাধিক ব্যবসায়ী।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ সেখানে উপস্থিত হলে ২য় দফা রাত সোয়া ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে আবারও সেখানে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মার্কেটের ব্যবসায়ীরা। এ বিষয়ে বিপ্লব রায় লিটনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জিন্দাবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মার্কেটের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।