নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই, ২০১৬
সিলেট নগরীর লামাবাজার থেকে শেখঘাট পর্যন্ত রাস্তা ব্লক করে জঙ্গির খোঁজে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। তারা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এমনকি কাউকে এই পথে হেঁটেও যেতে দেয়া হচ্ছে না।
ডিসি নর্থ ফয়সল মাহমুদ ও এডিসি নর্থ রহমতুল্লাহর নেতৃত্বে পুলিশের মোট ১৫টি দল এই অভিযানে অংশ নিয়েছে বলে জানা গেছে। এতে তিন শতাধীক পুলিশ সদস্য রয়েছেন।
পুলিশ জানিয়েছে, লামাবাজার পুলিশ ফাঁড়ির আওতাধীন প্রায় সব বাসায় তল্লাশী চালানো হচ্ছে।
লামাবাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, মধ্যরাত থেকেই তাদের এলাকার সবধরনের চলাচল বন্ধ রয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩০০ পুলিশ সদস্য নিয়ে ব্লক রেইড দেওয়া হয়েছে"।
এই অভিযান জঙ্গি বিরোধী অভিযানের অংশ বলে জানান এই পুলিশ কর্মকর্তা।