Sylhet Today 24 PRINT

ব্যবসায়ি সমিতির নির্বাচনের জের ধরে সংঘর্ষে আহত ২

কমলগঞ্জ সংবাদদাতা |  ২৪ মার্চ, ২০১৫

ব্যবসায়ী সমিতির নির্বাচনী জের ধরে সংঘর্ষে মুন্সীবাজারে দুই জন আহত হয়েছেন। বেশ কয়েকটি দোকান তছনছ ও ভাঙ্গচুরের ফলে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা দাবি করেছেন। এ ঘটনার পর দু’দিন ধরে মাছ ও শুটকী বাজার বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সাজিম আহমদ তরফদারের ডাকে জগলু মিয়া দোকানে না যাওয়ায় সাজিম আহমদ জগলু মিয়া (৩৮)কে পিটিয়ে আহত করেন।

এ ঘটনার প্রতিবাদ জানালে দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে মৎস্যজীবি সেলিম মিয়া (৩২) গুরুতর হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়ে মাছ ও শুটকি বাজারে তছনছ ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে।

ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা মাছ ও শুটকী বাজার বন্ধ রেখেছেন। মুন্সীবাজারের আড়তদার আক্তার মিয়া, মৎস্য ব্যবসায়ী লেবু মিয়া, আলীম ও জাকির হোসেন বলেন, ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাজিম আহমদকে ভোট না দেওয়ার জের ধরে সাজিম আহমদ তরপদারের দোকানে জগলু মিয়াকে ডেকে নিয়ে চোখে মরিচের গুড়া দিয়ে ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন গুরুতর আহত করেন।

এর প্রতিবাদ জানিয়ে মাছ বাজার বন্ধ করতে চাইলে সাজিম আহমদ তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে দফায় দফায় হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর ও লোটপাট করা হয়েছে। এতে মৎস্য, শুটকী ও পোল্ট্রি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেন।

শ্রীনাথপুর মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বলেন, বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আক্রোশে মৎস্য ও শুটকী ব্যবসায়ীদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট খুলতে পারছেন না।

স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি সামাজিকভাবে দেখার আশ্বাস দেয়ায় থানায় অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ বিষয়ে সাজিম আহমদ তরপদার বলেন, কয়েকজন মৎস্য ব্যবসায়ী দোকানে এসে মালামাল বাকিতে নিতে চাইলে বাকি না দেয়ায় দোকানের ম্যানেজারকে নাজেহাল করে। এ ঘটনায় উত্তেজিত জনতা ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি জুনেল আহমদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সময়ে তিনি বাজারে ছিলেন না। তবে মৎস্যব্যবসায়ীকে দোকানে ডেনে নিয়ে নির্যাতন করার ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

হামলার ভয়ে ব্যবসায়ীরা দোকান না খোলায় মাছ ও শুটকী বাজার বন্ধ রয়েছে। মুন্সিবাজার ও রহিমপুর ইউপি চেয়ারম্যানরা বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলে তিনি জানান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বদরুল ইসলাম বলেন, সোমবার রাত পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.