কুলাউড়া প্রতিনিধি | ০২ আগস্ট, ২০১৬
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে মাহিন আহমদ (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ভুকশিমইল ইউনিয়নে ভুকশিমইল গ্রামের একটি মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মতিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাহিন বাড়ির পার্শ্ববর্তী মসজিদে মক্তবে পড়তে যায়। এসময় অজুর জন্য মসজিদের পুকুরে গেলে সবার অজান্তে সে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন।
বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন মসজিদের পুকুরে তার লাশ ভাসতে দেখে মাহিনের পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করেন।
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।