নবীগঞ্জ প্রতিনিধি | ০২ আগস্ট, ২০১৬
নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার নামক স্থানে ট্রাক চাপায় হাবিবুর রহমান (১৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । ট্রাক চাপায় নিহত যুবক আজমীরিগঞ্জ উপজেলার ঝলসুকা গ্রামের চুনু মিয়ার পুত্র।
জানা যায়, নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি মালবোঝাই ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় বাংলাবাজারে পৌছা মাত্র রাস্তায় দাড়িয়ে থাকা একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়ীটি অনেক দূর গিয়ে পড়ে। এ সময় ভ্যান গাড়ীতে থাকা চালক আজমীরিগঞ্জ উপজেলার ঝলসুকা গ্রামের হাবিবুর রহমান (১৮) ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে আউশকান্দি বাজার গিয়ে আটক করতে সক্ষম হন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।