সিলেটটুডে ডেস্ক | ০২ আগস্ট, ২০১৬
প্রতীকী
সৌদি আরবে হত্যার দায়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারের মহসিন নামের এক যুবকের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এক প্রবাসী বাঙালিকে হত্যার দায়ে সৌদি আরবের আদালত তার শিরশ্ছেদের আদেশ দিয়েছিল। রোববার (৩১ জুলাই) জেদ্দার স্থানীয় সময় সকাল ১০টায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহসিন (৪০) এর শিরশ্ছেদের মাধ্যমে এ রায় কার্যকর করা হয়।
সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা গ্রামের মাওলানা আব্দুল হকের পুত্র।
জানা যায়, ২০০৬ সালের ২৩ এপ্রিল জেদ্দায় মহসিন একই ইউনিয়নের পার্শ্ববর্তী রাঙ্গাউটি গ্রামের মাওলানা ইয়াছিন আলীর পুত্র শাহজালালকে সৌদিআরবে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত জালালের নিকটাত্মীয় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি সে দেশের আদালতে হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। আদালতে দীর্ঘ শুনানির পর সে দেশের বিজ্ঞ আদালত মহসিনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। রায়টি ২০১৪ সালের ২৫মার্চ কার্যকর করার কথা ছিল।
কিন্তু বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহসিনের মায়ের পরিচয়ে ক্ষমা চেয়ে সে দেশের আদালতে বারবার ফোন করা হয়েছিল। এতে রায় কার্যকরে বিলম্বিত হয়। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে তা (তথ্য) প্রতারণা বলে প্রমাণিত হয়।