Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে রথযাত্রা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৬

জগন্নাথপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে রথযাত্রা নিয়ে সংঘর্ষের ঘটনার জের ধরে আবারো হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই পক্ষের ২ যুবক আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গত সোমবার রাত প্রায় সোয়া ১২ টার দিকে পৌর শহরের সিলেটী বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের হামলায় সার্বজনীন পক্ষের বিভাষ দে (৪০) নামের এক যুবক গুরুত্বর আহত হন। প্রতিপক্ষ মিন্টু গ্রুপের অসিম চন্দ, অসিম গোপ, রাজিব চন্দসহ কয়েক ব্যক্তি মোটরসাইকেল যোগে গিয়ে বিভাষের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি ও ক্ষুর দিয়ে মোট ১১ টি আঘাত করেন।

এ সময় স্থানীয় জনতা আহত বিভাষ দে কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এর আগে সার্বজনীন কমিটির বিভাষ দেসহ কয়েক জনের হামলায় প্রতিপক্ষের  রাজিব চন্দ (৩৬) নামের আরেক যুবক আহত হন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ও গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত-গত ৬ জুলাই সার্বজনীনভাবে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া ও শ্রী শ্রী বাসুদেব জিউড় নামের দুই মন্দির কমিটির উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রথম বারের মতো বাসুদেব নাম হট্র সংঘ নামের মন্দির বিহীন একটি সংগঠনের উদ্যোগে ইসকনদের নিয়ে ব্যক্তিগত ভাবে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর ও অনন্ত গোপসহ কয়েক জন ব্যক্তির উদ্যোগে হঠাৎ নতুন করে একই স্থানে আলাদাভাবে রথযাত্রা উৎসব পালনের ঘোষণা দেয়ায় সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় অবশেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে নিষ্পত্তি হয়। একই দিনে দুই পক্ষের রথযাত্রা উৎসব হয়। উৎসবে হামলার ঘটনায় পুলিশ, সাংবাদিক, পৌর কাউন্সিলরসহ উভয় পক্ষের ২০ জন আহত হন। এ ঘটনায় জগন্নাথপুর থানার এসআই অনির্বাণ বিশ্বাস বাদী ১২০ জনকে আসামি থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন।

এছাড়া গত ২৭ জুলাই সুনামগঞ্জ আদালতে সুজিত দেবনাথ (সুকানন্দ গৌরদাস) নামের এক ব্যক্তি ইসকনদের পক্ষে জগন্নাথপুরের সার্বজনীন হিন্দু সমাজের ১৮ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.