Sylhet Today 24 PRINT

সিলেটে সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ, আশ্বাসে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

অবৈধভাবে পার্কিং করা সিএনজি আটকের প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করার এক ঘন্টা পর  প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে তা প্রত্যাহার করেন শ্রমিকরা।

বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়া জানান, “বুধবার দুপুর ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পার্কিংরত অবস্থায় থাকা ৫টি সিএনজি অটোরিক্সা আটক করে ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত সিএনজি শ্রমিকরা কোর্ট পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করেন।”

তিনি বলেন, “ট্রাফিক পুলিশ আশ্বাস দিলেও আমরা অবরোধ তুলতে চাইনি। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।”

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার (ট্রাফিক) সাথী রানী শর্মা জানান, “নগরীতে রাস্তার পাশে অবৈধ পার্কিং বন্ধে বুধবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ অভিযানের অংশ হিসেবে কোর্ট পয়েন্টে অবৈধভাবে পার্কিং করে রাখা ৫টি সিএনজি অটোরিক্সা আটক করে ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়।”

তিনি বলেন, “নগরীর রাস্তার পাশে যত্রতত্র পার্কিং অবৈধ, তাই ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক সিএনজি এখনো থানাতে রয়েছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.