Sylhet Today 24 PRINT

সিলেটে নারী পুলিশকে ছুরিকাঘাত করে ছিনতাই, আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০১৬

সিলেটে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী পুলিশ সদস্য। তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছে তিন ছিনতাইকারী।

বুধবার সিলেটের কিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম শাপলা বেগম।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, পুলিশ কনস্টেবল শাপলা বেগম কিনব্রিজ এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় তার গতিরোধ করে তিন ছিনতাইকারী। তারা তাকে ছুরিকাঘাত করে হাতব্যাগ ছিনিয়ে নেয়।

শাপলা বেগম চিৎকার দিলে কাছের সুরমা পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে।

আটককৃতরা হচ্ছে- জগন্নাথপুরের জগদীশপুর গ্রামের সাবু মিয়ার ছেলে শিপন মিয়া (২৪), কুমিল্লার চৌদ্দগ্রামের দেবপাড়ার চিরমত আলীর ছেলে ফারুক আহমদ (২৮) ও কুলাউড়ার আজফর আলীর ছেলে ইমন আহমদ (২৬)।

তাদের কাছ থেকে শাপলার হাতব্যাগ, নগদ ৪ হাজার টাকা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ছুরিকাহত শাপলা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.