Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের ৪ শিশু হত্যা : ৩ আসামির মালামাল জব্দ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪ শিশু হত্যা মামলার পলাতক ৩ আসামির মালামাল জব্দ (ক্রোক) করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) আদালতের এক আদেশে বাহুবল থানার পুলিশ এই মালামাল জব্দ করে।

হত্যা মামলার ৯ আসামির মধ্যে বিল্লাল মিয়া (৩০), উস্তার মিয়া (৩৮) ও বাবুল মিয়া (৪৫) পলাতক আছেন। এই পলাতক আসামিদের সব মালামাল জব্দ করার জন্য গত ২৫ জুলাই আদেশ দেন হবিগঞ্জের বিচারক মাফরুজা পারভীন।

এ আদেশের পরিপ্রেক্ষিতে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সুন্দ্রাটিকিতে পলাতক তিন আসামির বাড়িতে যায়। তখন থেকে বেলা একটা পর্যন্ত অভিযান চালিয়ে বিল্লাল, উস্তার ও বাবুলের বাড়ি থেকে দুই লক্ষাধিক টাকার আসবাবপত্র জব্দ করা হয়।

বাহুবল থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে গত ১৭ ফেব্রুয়ারি চার শিশু তাজেল মিয়া (১০), তার দুই চাচাতো ভাই জাকারিয়া শুভ (৮) ও মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের (১০) অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়।
তারা ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় কারও নাম উল্লেখ না করে মামলা করা হয়।

লাশ উদ্ধারের পর পুলিশ তদন্ত করে নয়জনকে অভিযুক্ত করে ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। নয়জনের মধ্যে পাঁচজন আসামি বর্তমানে কারাগারে আছেন।

বাচ্চু নামে একজন র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। আর তিন আসামি বিল্লাল, উস্তার ও বাবুল পলাতক আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.