Sylhet Today 24 PRINT

বেয়াদবের পরিণতি খুব খারাপ হয়: সমাজকল্যাণ মন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০১৫

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বিএনপির আমলে পৌর নির্বাচনে তাঁকে পরাজিত করার প্রেক্ষাপট বর্ণনা এবং মৌলভীবাজার পৌরসভার বর্তমান চেয়ারম্যান ফয়জুল করিম ময়ূন নির্বাচিত হওয়ার বিবরণ দিয়ে বলেন, ‘বেয়াদবের পরিণতি খুব খারাপ হয়।’

বুধবার (২৫ মার্চ) বিকালে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘ছয় বছর আমি এমপি ও মন্ত্রী ছিলাম। পৌরসভা আমার কথা শুনে নাই। পৌরসভা তার ইচ্ছা আকাক্সক্ষা অনুসারে চলেছে। ফলে কার্যক্রমের ফসল পৌরসভা পায়নি। মনে রাখতে হবে নেতাকে নেতা না মানলে নেতার অভিশাপ পেতে হয়।’

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মসুদ আহমদ, প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ মাহবুব, বকসী ইকবাল আহমদ, জেলা জাসদ সভাপতি আব্দুল হক, কাউন্সিলর তৃষ্ণা রানি পাল, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, আয়াছ আহমদ প্রমুখ।

এর আগে শহরতলির মাতারকাপন এলাকায় পানি শোধনাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

২১ কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে মাঝারি শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর (জিবিও-এডিবি) প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং মৌলভীবাজার পৌরসভা যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.