নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০১৫
প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে মহান স্বাধীনতা দিবস উদযাপন। এক সাগর রক্তের বিনিময়ে যারা এনে দিয়েছেন স্বাধীনতা তাদের শ্রদ্ধা জানাতে মধ্যরাতে সিলেট শহীদ মিনারে জড়ো হন হাজারো জনতা। ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার।
যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পালিত হচ্ছে এবারের স্বাধীনতা দিবস।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়া উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় শহীদ মিনারের চত্বরসহ আশপাশ এলাকায় নেয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
তারপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, বন কর্মকর্তা, সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, উদীচী, জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।