Sylhet Today 24 PRINT

ক্ষমতাবানদের ঠেলা-ধাক্কায় জর্জরিত মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০১৫

স্বাধীনতা দিবস যাদের জন্য আমরা পেয়েছি তারাই আজ ক্ষমতাবানদের ঠেলা-ধাক্কায় জর্জরিত। ঠেলা-ধাক্কা দিয়ে পুষ্পার্ঘ ভেঙে ফেলায় মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ফুল না দিয়েই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করতে হয়েছে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,প্রচণ্ড ধাক্কা ধাক্কির কারণে পুষ্পার্ঘ ভেঙে ফেলার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে ফুল না দিয়েই শহীদ মিনার প্রাঙ্গন ত্যাগ করেন। পরে তারা সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পন করেন।মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক এমন আচরণের প্রতিবাদে স্বাধীনতা দিবসের সরকারী সকল অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দিয়েছেন জেলা সংসদের মুক্তিযোদ্ধারা।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল গণমাধ্যমকে জানান, "মুক্তিযোদ্ধারা বয়স্ক, শারীরিকভাবে দুর্বল। অনেকে আবার যুদ্ধাহত ও পঙ্গু রয়েছেন। তাই ঠেলাঠেলির হাত থেকে রক্ষা পেতে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের প্রায় একঘন্টা আগেই তারা পুষ্পার্ঘ নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন। শহীদ মিনারে মুক্তিযোদ্ধারা অবস্থান নেয়ার পর তাদের সামনে এসে দাঁড়ান আওয়ামী লীগ নেতারা। একপর্যায়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তাদের সামনে এসে দাঁড়ান। ঠেলাধাক্কার এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি ভেঙে ফেলা হয়।"

মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল আরো বলেন, "অনেকে বক্তৃতা-বিবৃতিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে মুখস্ত দরদ দেখান। বাস্তবে তারা অন্তরে মুক্তিযুদ্ধের চেতনাই লালন করেন না। এ কারণেই শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের সাথে এমন আচরণ করা হয়েছে।" 

এ ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া সকল অনুষ্ঠান মুক্তিযোদ্ধারা বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.