Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০১৬

সোমবার (৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শপথ গ্রহন ও প্রচারনামূলক সমাবেশে "শ্রীমঙ্গলবাসীর অঙ্গীকার, বাল্যবিবাহ নয় আর” এবং “ছেলে-২১, মেয়ে-১৮, এর আগে বিয়ে নয় কারো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর ও ম্যাক বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল হক। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া প্রমুখ।

সমাবেশে জানানো হয়, শ্রীমঙ্গলের সকল সরকারি-বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান, এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল শ্রেণি-পেশার মানুষকে বাল্যবিবাহের বিষয়ে সচেতন করে এর বিরুদ্ধে সানাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সকলের প্রচেষ্টায় শ্রীমঙ্গল উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, অনলাইন পোর্টাল সাংবাদিক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট দল এবং সংশ্লিষ্ট সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.