সুনামগঞ্জ প্রতিনিধি | ০৯ আগস্ট, ২০১৬
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা পরিষদ কর্তৃক শহীদ মিনার নির্মাণের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভ চলাকালে সড়কের যানবাহন আটকে দেয় তারা। পরে সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে নিবৃত্ত করেন।
জানা গেছে, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর-পূর্ব কোণে সম্প্রতি সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। বিষয়টি অবগত হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে ওঠে। তারা খেলার মাঠের বদলে শহরের অন্যত্র কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানায়। এ দাবিতে গত শনিবার তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।