Sylhet Today 24 PRINT

বড়লেখায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অপহরণপূর্বক ধর্ষণ ও হত্যা মামলার আসামি আমির উদ্দিন (২৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোররাতে সিলেট শহরের কাজীটোলা এলাকা থেকে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, দ্রুবেশ চক্রবর্তী ও ইয়াকুল আলী আমিরকে গ্রেপ্তার করেন। আমির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের বিছরাবাজার গ্রামের বাসিন্দা সুজা মিয়ার ছেলে।

থানা পুলিশ জানা গেছে, গত ১৭ জুলাই কুমারসাইল গ্রামের এমদাদুর রহমানের মেয়ে রুমা বেগম (১৭) কে গত ১৭ জুলাই প্রেমিক আমির উদ্দিন ও তার এক সহযোগী চা-বাগানের হুঙ্গালটিলা এলাকায় রাতভর ধর্ষণ করেন। পরে আহত অবস্থায় পাশের বেরেঙ্গা চা-বাগানের ব্যবস্থাপকের বাংলোর কাছে ভোররাতে তাকে ফেলে যায়। সেখান থেকে স্বজনরা উদ্ধার করে রুমাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সে মারা যায়। পরদিন ২৫ জুলাই রুমার বাবা বাদী হয়ে বড়লেখা থানায় কুমারসাইল গ্রামের নিজাম উদ্দিনকে ১নং ও প্রেমিক আমির উদ্দিনকে ২নং আসামি করে অপহরণপূর্বক ধর্ষণ ও হত্যা মামলা করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বলেন, ‘আজ ভোররাতে সিলেট থেকে আমিরকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.