হবিগঞ্জ প্রতিনিধি | ০৯ আগস্ট, ২০১৬
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের মিরপুর বাজার এলাকার হাফিজপুর নামক স্থানে বিকেল ৩টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহনের বাসকে (ঢাকা মেট্রো-ব ১৪-৭৪৫৬) পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ইট বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো ড-১১-২৫৬৩) এর সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক, হেলপার ও বাসযাত্রীসহ অন্তত ২২ জন আহত হন।
এদিকে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ দেখে যাত্রীবাহী বাসের পেছনে আসা দুইটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এলোপাতাড়ি চলতে শুরু করে। এ সময় প্রাইভেট কার দুটির (ঢাকা মেট্রো গ-৩৫-২৩০০ এবং ঢাকা মেট্রো গ-৩৭-৮২২৭) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এই দুই প্রাইভেট কারের পেছনে থাকা অন্য একটি ট্রাকের সাথে কার দু’টির ধাক্কা লাগলে কারগুলো দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত হন আরও ৮ জন।
মহাসড়কের মধ্যবর্তী রাস্তায় দুর্ঘটনা ঘটায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।