নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০১৫
সিলেট নগরীর রায়নগরে অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর রায়নগরস্থ ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসুর কার্যালয়ের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়নগরে কাউন্সিলর দিনার খান হাসুর কার্যালয়ের উত্তর পাশের একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যে আগুন পার্শ্ববর্তী একটি ওয়েলডিংয়ের দোকানেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভানোর আগেই লেপ তোষকের দোকান পুরোপুরি পুড়ে যায়।
সিলেট ফায়ার স্টেশনের ইনচার্জ তারেক মো. জাবেদ বলেন, স্থানীয়রা আগুন লাগার খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভানো সম্ভভ হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে কত টাকার ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।