Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে এক ছাত্রীর আত্মহনন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৬

সুনামগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে একাদশ শ্রেণির এক ছাত্রী। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ হোস্টেল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ ও হোস্টেলের অন্য ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, দিরাই উপজেলার মণ্ডলীভোগ গ্রামের প্রতাপ রঞ্জন বৈষ্ণবের মেয়ে ইতি রাণী বৈষ্ণব চলতি বছর সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। কুশিয়ারা হোস্টেলের তৃতীয় তলার ১১ নম্বর কক্ষে ওঠার পর গত জুলাই মাসে হোস্টেলের পরিবেশগত অবস্থায় কারণে একাধিকবার হোস্টেল ছেড়ে চলে যেতে চেয়েছিল ইতি। এক মাসের মধ্যে মাত্র এক সপ্তাহ হোস্টেলে ছিল সে।

সহপাঠীরা জানায়, ইতি রানী বিজ্ঞান বিভাগে ভর্তি না হয়ে মানবিকে ভর্তি হতে চেয়েছিল। কিন্তু অভিভাবকদের চাপে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হয় তাকে। সম্প্রতি অভিভাবকদের না জানিয়ে সে ফের মানবিক বিভাগে চলে আসতে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। এ খবর পেয়ে তার অভিভাবকরা কলেজে এসে তাকে বুঝিয়ে বিজ্ঞান বিভাগে ওই হোস্টেলে থেকেই পড়ালেখা করার নির্দেশ দেন। এতে ওই ছাত্রী মর্মাহত হয়। অভিভাবকদের বাড়তি চাপ ও হোস্টেলের নোংড়া পরিবেশের কারণেই সে আত্মহত্যা করেছে বলে সহপাঠীদের ধারণা।

ইতির কক্ষের অন্যন্য ছাত্রীরা জানায়, খুবই শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিল ইতি। বাড়তি কোনো কথা বলতো না। তবে হোস্টেলে ওঠার পরই সে একাধিকবার ব্যাগপত্র ও বই গুছিয়ে চলে যেতে চেয়েছিল। অভিভাবকরা তাকে বুঝিয়ে রেখে যান।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকেই সে কক্ষে ছিল না। বাইরে চলে গেছে মনে করে তারা আর তার খোঁজ নেয়নি। দুপুরের খাবারের সময় তাকে ফোন দিলে ওপরের পরিত্যক্ত বাথরুমে তার মোবাইল ফোনের রিংটোন পেয়ে তারা এসে দেখে সে ভেন্টিলেটরের  রডের সঙ্গে ঝুলছে। এরপর হোস্টেল সুপারকে জানালে তিনি এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

হোস্টেল সুপার জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, "এক মাস আগে হোস্টেলে ওঠার পর ওই ছাত্রী মাত্র এক সপ্তাহ অবস্থান করেছে। গতকালও তার আত্মীয়-স্বজনরা এসে হোস্টেলে থাকার জন্য বুঝিয়ে যান। কিন্তু একদিন পার না হতেই মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সদর থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, "প্রাথমিকভাবে আলামত দেখে মনে হয়েছে মেয়েটি আত্মহত্যা করেছে। বাড়তি চাপ না নিতে পেরেই সে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.