নিজস্ব প্রতিবেদক | ১২ আগস্ট, ২০১৬
সিলেট নগরীর আম্বরখানায় ট্রাক চাপায় নিহত হয়েছেন এক রিকশাচালক। ট্রাকটি তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশা চালকের পরিচয় জানা যায়নি।
এদিকে, রিকশাচালক নিহতের ঘটনায় উত্তেজিত জনতা আম্বরখানা এলাকায় অন্তত ১০-১২টি ট্রাক ও কয়েকটি প্রাইভেট কার ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতেও হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে দিয়েছে।
এ অবস্থায় বন্ধ হয়ে গেছে আম্বরখানা এলাকার যান চলাচল। ঘটনার ৪৫ মিনিট পেরিয়ে গেলেও এখনো ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়নি।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আনোয়ার হোসেনকে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।