Sylhet Today 24 PRINT

বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমানকে ফেসবুকে ‘কটূক্তি’, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৩ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের-১ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ ও তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের ত্রাণ প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে ফেসবুকে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আব্দুল কুদ্দুস স্বপন বড়লেখা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ছিলেন।

শুক্রবার (১২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, "এবাদুর রহমান নিজে বাদি হয়ে বড়লেখা থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় কটূক্তির অভিযোগে মামলা করলে আসামীকে দক্ষিণ শাহবাজপুরের শরিয়া গ্রামের তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ"।

উল্লেখ্য, গত ৬ আগস্ট গ্রেপ্তার হওয়া আব্দুল কুদ্দুস ফেসবুকে এবাদুর রহমান চৌধুরীকে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ ব্যবহার করে লিখেন, "বিএনপির কেন্দ্রীয় কমিটিতে এবাদুর রহমানকে খালেদা জিয়ার উপদেষ্টা করা হলে সেটা চরম ভুল হবে"।

এবাদুর রহমানকে বড়লেখা বিএনপির ধ্বংসের কারিগর হিসেবেও দায়ি করেন ওই নেতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.