Sylhet Today 24 PRINT

কাউন্টি ক্রিকেটকে ঘিরে মাধবপুরে চলছে জমজমাট জুয়া বাণিজ্য

মাধবপুর প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০১৬

ইংলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ বা কাউন্টি ক্রিকেট উপলক্ষে সরব হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন হোটেল, রেস্তোরা, পাড়ার মোড়ের চায়ের দোকানগুলো।

বাজিকরদের সুবাদে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা এখন জুয়ার এলাকায় পরিণত হয়েছে। এখানে কাউন্টি ক্রিকেট ঝড়ে ভুগছে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। তবে এই জমজমাট জুয়াটি চলছে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর বাজারে একটি চা স্টলে সরেজমিনে গিয়ে দেখা যায় টেলিভিশনে চলছিল সাসেক্স বনাম সমারসেটের মধ্যকার কাউন্টি ক্রিকেট ম্যাচ। অনেক লোকজন খেলা দেখছেন।

এর মধ্যে জনৈক এক যুবক ডাক ছাড়ছেন আর বলছেন এই ওভারে দুইটা বাউন্ডারি হবে কারা পক্ষে এবং কারা বিপক্ষে বাজি ধরবেন। আর উপস্থিত বাজিকররা নির্দিষ্ট অংকের বাজি(জুয়া) ধরছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,যারা এই ক্রিকেট জুয়ার সাথে যারা জড়িত তারা সারাদিনেই কর্মব্যস্ত থাকে বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট অথবা প্রিমিয়ার ক্রিকেট লীগ নিয়ে। স্থানীয়দের ক্রিকেট জ্ঞান দেখে মনে হয় তারা কোন বড় মাপের ক্রিকেট বিশেষজ্ঞ। স্থানীয় এই ক্রিকেট বাজিকররা জানে বিশ্বের যে কোন দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেট লীগের কথাও। তারা যে শুধু ক্রিকেট নিয়ে পড়ে আছে তা কিন্তু নয়। তারা ব্যস্ত সময় কাটান ফুটবলের বিভিন্ন আসর বা লীগ নিয়েও ।

সূত্র আরো জানায়,উপজেলার বিভিন্ন এলাকার চলতি এই কাউন্টি লীগ ঘিরে যে বাজি বা জুয়ার আসর চলছে তাদের মধ্যে নিম্নবিত্ত শ্রেণির মানুষই বেশি। বাজির অর্থ লাভের আশায় সারা দিনের কাজকর্ম ফেলে ক্রিকেট জুয়া খেলায় নিয়ে বসেন পড়েন তারা। এ ছাড়াও মাধবপুরের এই নিম্নবিত্তের বাইরে মধ্যবিত্ত শ্রেণির একটি অংশ কাউন্টি লীগ ক্রিকেট জুয়ায় মেতে উঠেছে।এ জন্য বেড়ে চলছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। আর এসব কারণে ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িতদের অভিভাবকরাও শঙ্কিত হয়ে পড়েছে তাদের সন্তানদের নিয়ে। তাদের ধারণা এখনোই এই ক্রিকেট জুয়া বন্ধ না করতে পারলে ভবিষ্যৎ আরও খারাপ অবস্থা হবে।

এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ফখরুজ্জামান বলেন, এটা জুয়া না ক্রিকেট খেলা দেখতে বসেছে বুঝার কোন উপায় নাই। তাছাড়া জনসম্মুখে টাকা পয়সা লেনদেনও করে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.