Sylhet Today 24 PRINT

সিলেটে বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৬

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে এবং প্রক্রিয়া বন্ধের দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশ কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা।

টানা কর্মসূচীর দ্বাদশ দিনে শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়। দুপুরে বাগবাড়িস্থ সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের সদস্য সচিব ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য প্রকৌশলী উজ্জ্বল কুমার মহোন্ত, বিউবো সিলেট অঞ্চলের উপপরিচালক আব্দুস সত্তার, প্রকৌশলী জিন্নাত আলী, ডিপ্রকৌস এর সহসভাপতি মো. ইয়াসির ইকরাম, ডিপ্রকৌস এর কেন্দ্রীয় সদস্য হায়দার আলী, ডিপ্রকৌস সিলেটের সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদ। সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বিউবো সিলেট-সুনামগঞ্জের শ্রমিক নেতা স্বপন চক্রবর্তী, মো. মুস্তাকিম, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বাসিত শেরো, সাধারণ সম্পাদক সুরমান আলী, ডা. রাকিব আহমদ দেওয়ান, বিউবো সিলেটের সহ-পরিচালক রুহুল আমীন প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনা কৃষক-শ্রমিক মেহনতি মানুষের নেত্রী। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ সেক্টরের কথা চিন্তুা করে, শ্রমিকদের কথা চিন্তা করে, দেশবাসীর কথা চিন্তা করে বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের ন্যায্য দাবী মেনে নিবেন।  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল দেশের কোন এলাকাতেই কোম্পানিতে রুপান্তর যুক্তিসঙ্গত নয়। এ পর্যন্ত যতগুলো কোম্পানি গঠিত হয়েছে সেগুলো লাভজনক অবস্থায় পৌছতে পারেনি। বর্তমানে বিউবোতে সেবার মান, রাজস্ব আদায় সহ সকল অবস্থায় কোম্পানির চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানি হলে সারাদেশের গ্রাহকরা হয়রানীর শিকার হবেন অতিরিক্ত বিল দিতে হবে শুধু তাই নয় কোম্পানি বিদ্যুৎ বিভাগের কোন সফলতা নিয়ে আসতে পারবে না। তাই দেশের স্বার্থে বিউবোকে কোম্পানি করা থেকে বিরত থাকার প্রয়োজন। সারাদেশে বিদ্যুৎ ঘাটতি কমিয়ে যখন উৎপাদন বেড়েছে তখন একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য বিউবোকে কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্র শুরু করেছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধ করা না হলে সিলেটসহ সারাদেশে যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.