Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা |  ১৩ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ ধারার মামলায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে স্বপনকে কারাগারে পাঠানো হয়। আব্দুল কুদ্দুস স্বপন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির শরিয়া গ্রামের মৃত আং ছাত্তারের ছেলে।

মৌলভীবাজারের-১ আসনের বিএনপি দলীয় প্রাক্তন সাংসদ ও তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের ত্রাণ প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে উদ্দেশ করে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় শুক্রবার (১২ আগস্ট) রাতে স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।
 
আব্দুল কুদ্দুস স্বপন বিগত ইউপি নির্বাচনে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। ধানের শীষ মার্কায় নির্বাচন করে তিনি পরাজিত হন।

উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া আব্দুল কুদ্দুস গত ৬ আগস্ট ফেসবুকে এবাদুর রহমান চৌধুরীকে উদ্দেশ করে আপত্তিকর শব্দ ব্যবহার করে লিখেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটিতে এবাদুর রহমানকে খালেদা জিয়ার উপদেষ্টা করা হলে সেটা চরম ভুল হবে’।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এবাদুর রহমান চৌধুরী নিজে বাদি হয়ে বড়লেখা থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় তাকে কটূক্তির অভিযোগে মামলা করলে আসামী স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। (১৩ আগস্ট) শনিবার বিকেলে স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.