Sylhet Today 24 PRINT

খাদিমপাড়ায় প্রবাসীর নববধূর অপহরণ ও ফিরে আসা নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক |  ১৫ আগস্ট, ২০১৬

রবিবার রাত ৮টায় সিলেটের খাদিমপাড়ার এলাকা থেকে এক সুইডেন  প্রবাসীর নববধূকে অপহরণের  অভিযোগ পাওয়া যায়। তবে এর ঘণ্টা দুয়েক পরেই ওই সুইডেন প্রবাসীর  পরিবার থেকে নববধূর ফিরে আসার কথা জানানো হলেও পুলিশ বলছে ওই নারীর সন্ধান এখনো পাওয়া যায়নি।

রিফাতের মামা আব্দুল বাসিতের বরাত দিয়ে স্থানীয়রা জানান,  রবিবার রাত ৮টায় প্রবাসী রিফাত আশরাফুল চৌধুরী, তার স্ত্রী তাহসিনা ইসলাম তাম্মিসহ বেশ কয়েকজন সিলেট তামাবিল সড়ক দিয়ে সিলেট নগরীতে ফেরার পথে শাহপরান গেইট এলাকায় ৩/৪ টি মটর সাইকেলে আগে থেকে ওৎ পেতে থাকা বেশ কয়েকজন যুবক অস্ত্রের মুখে তাহসিনা ইসলাম তাম্মিকে অপহরণ করে নিয়ে যায়।  

রিফাত আশরাফুল চৌধুরী বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর গ্রামে। তিনি নগরীর মিরাবাজারের উদ্দীপন ৭৩ নং বাসার বাসিন্দা। গত ৭ আগস্ট রিফাত আশরাফুল চৌধুরী ও তাহসিনা ইসলাম তাম্মির বিয়ে হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অপহরণের খবর দেয়া  রিফাতের মামা আব্দুল বাসিত রাত ১০টায় ওই নববধূর সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করেন।

তবে অপহরণ অভিযোগের সত্যতা নিশ্চিত করে শাহপরান (র:) থানার সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন রাত সাড়ে ১১টায় মুঠফোনে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহৃত ওই মেয়ের সন্ধান এখনো আমরা পাইনি। তাঁর ভাইও আমাদের সাথে রয়েছেন। ছেলের পরিবার থেকে সন্ধান পাওয়া গেছে কেন বলা হচ্ছে বুঝতে পারছি না ।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.