Sylhet Today 24 PRINT

দেওকলস ইউনিয়নও বাল্যবিবাহ মুক্ত, পুরো উপজেলার ঘোষণা আসছে ২১ আগস্ট

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৬

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো সবকটি ইউনিয়নের। এবার পুরো উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার পালা। আগামি ২১ আগস্ট পুরো বিশ্বনাথ উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হবে বলে জানা গেছে।

রোববার (১৪আগষ্ট) দেওকলস ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণের মধ্যদিয়ে দেওকলস ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবির।

গত ১৩ আগস্ট শনিবার দশঘর ইউনিয়ন এবং ১১আগষ্ট বৃহস্পতিবার বিশ্বনাথ সদর ও দৌলতপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে গত রমজান মাসে বিশ্বনাথের খাজাঞ্চী, রামপাশা, অলংকারী ও লামাকাজি ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়।

দেকলস ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাশহুদুল কবির বলেন, বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করলেই বাল্য বিবাহ বন্ধ হবেনা, এক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে গণ-সচেতনতা তৈরি করতে হবে। কারণ বাল্য বিবাহ রোধে গণ-সচেতনতার বিকল্প নেই।

তিনি বলেন, একে একে আমরা বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করেছি। আগামি ২১ আগস্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো বিশ্বনাথ উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হবে।

দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য খায়রুল আমিন আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক, দেওকলস দ্বি-পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাহিরঘাট মাদ্রাসা সুপার লুৎফুর রহমান, বাগছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন আহমদ, দেওকলস ইউনিয়নের কাজী আসাদ উদ্দিন, দেওকলস জামে মসজিদের ইমাম শামছুল ইসলাম, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিলেটটুডে টোয়েন্টিফোর’র বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের ও সিনিয়র সহ-সভাপতি আশিক আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য কাছা মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.