মাধবপুর প্রতিনিধি | ১৫ আগস্ট, ২০১৬
হবিগঞ্জের মাধবপুরে পিতার ঝাড়ুর আঘাতে পুত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে।
সোমবার (১৫ আগস্ট) ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাজুর মৃত্যু ঘটে। ওই দিন সকালে মাধবপুর থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল পুলিশ হরিশ্যামা গ্রামে অভিযান চালিয়ে শিশুটির পিতা ঘাতক আব্দুল বারেক কে গ্রেফতার করেছে। এ ঘটনায় রাজুর মা সালমা বেগম বাদি হয়ে ঘাতক স্বামীর বিরুদ্ধে পুত্র হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের আব্দুল বারেকের ছেলে রাজু (৪) শনিবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল । এ সময় তার পিতা আব্দুল বারেক ছেলের দুরন্তপনা দেখে ক্ষিপ্ত হয়ে ঝাড়ু দিয়ে মাথার পিছনে আঘাত করে। এতে রাজু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে।
আত্মীয় স্বজনরা তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেণ। সেখানে তার অবস্থার আরা অবনতি ঘটলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। শিশুটির মা সালমা বেগম তার একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা(এসআই) গিয়াস উদ্দিন জানান, ঘাতকের ব্যবহৃত ঝাড়ুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক কে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।