Sylhet Today 24 PRINT

পারিবারিক কলহের জেরে কোম্পানীগঞ্জে বাবা মেয়েকে হত্যা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সোমবার বিকেলে বাবা ও তার মেয়ের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, হত্যার পর তাদের লাশ গোপন করে ফেলা হয়। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকেও আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৩ আগস্ট উপজেলার পুটামারা গ্রাম থেকে কোম্পানীগঞ্জ গ্রামে বেড়াতে আসে আব্দুস সালাম ফড়িং (৫০), তার স্ত্রীসহ এক মেয়ে। সেখান থেকে বাড়িতে ফেরার পথে রাত ৯টার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তদের লাঠির আঘাতে ঘটনাস্থলে মা রোশনা (৪৩) বেগম লুটিয়ে পড়েন। এরপরে আব্দুস সালাম ফড়িং এবং তার মেয়ে রোজী বেগম (১৮) কে অপহরণ করে নিয়ে যায় মুখোশধারীরা। ঘন্টা দুয়েক পর জ্ঞান ফিরলে স্বামী ও মেয়ের খোঁজ করেন রোশনা বেগম। কিন্তু অনেক খোজাখুজি করেও তাদের সন্ধান পান নি। পরে তাকে আহত অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েস আলম সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেল ৪টার দিকে বাবা মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ”পারিবারিক দ্বন্দের কারণে নিহত আব্দুস সালামের চাচাতো ভাইয়েরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় আব্দুর রউফ, ফাহিম ও মেহেরুননেসা নামে তিনজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আটককৃতরা পুলিশ হেফাজতে আছে।"

এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১০জন কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.