দিরাই সংবাদদাতা | ২৭ মার্চ, ২০১৫
দিরাই উপজেলার দিরাই-ধল সড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় শংকিত হয়ে পড়েছে এ অঞ্চলের হাজার হাজার যাত্রী সাধারণ। গত চার বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় এ সড়কে ৪ জনের মৃত্যু হয়েছে।
সম্প্রতি এ সড়কে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন উপজেলার ভাটিধল গ্রামের দিবাকর দাসসহ এক মহিলা ও পঙ্গুত্ববরণ করেছেন একই গ্রামের হারুন মিয়া ও তার ছেলে।
এছাড়াও ২০১২ সালে ধল চানপুরের স্কুল ছাত্র আব্দুল হকের পুত্র ফোয়াদ, ২০১৪ সালে একই গ্রামের সেনু মিয়ার পুত্র স্কুল ছাত্র শাহী মিয়াসহ একাধিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।
ফিটনেস বিহীন গাড়ী, শ্যালো মেশিন দ্বারা চালিত যান,নিষিদ্ধ টেম্পু, প্রশিক্ষণ লাইসেন্স বিহীন চালক দ্বারা বেপরোয়া গাড়ী চলাচল, সংশ্লিষ্ট সুপার ভাইজারদের দৌরাত্মের কারনে প্রতিনিয়ত এসব দুর্ঘটনা ঘটছে।
ফিটনেস বিহীন যান চলাচল বন্ধ ও সুপারভাইজারদের দৌরাত্ম বন্ধের দাবীতে এলাকাবাসীর পক্ষ থেকে তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক তালুকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এলাকার ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বেপেরোয়া ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে আমরা ইউএনও সাবের কাছে স্মারক লিপি দিয়েছি,আমাদের দাবি উপজেলা প্রশাসনসহ সরকারের অনুমতিপ্রাপ্ত যানবাহন মোতায়েন, স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করন এবং সম্প্রতি ভাটিধল গ্রামের দিবাকর তালুকদারসহ দুর্ঘটনার শিকার সকল যাত্রীদের ক্ষতিপুরন ও এলাকাবাসির ক্ষোভের নিরসন এবং যাত্রীদের দুর্ভোগ বন্ধ করতে হবে।