সুনামগঞ্জ প্রতিনিধি | ১৬ আগস্ট, ২০১৬
সুনামগঞ্জ পৌর শহরের আবাসিক এলাকার একটি বাসা থেকে ১০০টি সোনার আংটিসহ ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে।
সোমবার রাত আনুমানিক ৮টার দিকে শহরের উপত্যকা এলাকার প্রয়াত স্নেহাংশু চৌধুরী ঝুলনের বাসায় এই চুরির ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ি তালাবদ্ধ করে মাকে ডাক্তার দেখাতে স্বামীসহ সিলেটে যান স্নেহাংশু চৌধুরীর মেয়ে স্কুলশিক্ষক মৌটুসী চৌধুরী। রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে বাসায় ফিরে তারা দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো। তাঁরা ঘরে ঢুকে দেখেন, স্টিলের আলমারির মূল লকারটি ভাঙা এবং ঘরের ভেতর সব জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখা।
জানা গেছে, জানালার রড ভেঙে ঘরের ভেতর ঢুকেছিল চোরেরা। লকারে থাকা ১০০টি সোনার আংটিসহ ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ অর্থ চুরি হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
মৌটুসী চৌধুরী ও তাঁর স্বামী দেবব্রত তালুকদার জানান, তাঁরা ১০০টি সোনার আংটিসহ ১২ ভরি স্বর্ণালংকার বিয়েতে উপহার হিসেবে পেয়েছিলেন।
সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রিপন বলেন, বাসায় কেউ না থাকায় নিরিবিলি পেয়ে সন্ধ্যার দিকে চুরির ঘটনাটি ঘটে। তবে কী পরিমাণ জিনিসপত্র চুরি গেছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালানো হবে।
জানা যায়, প্রয়াত স্নেহাংশু চৌধুরীর বাসায় এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটলো। গত বছর ওই বাসা থেকে পাঁচটি মুঠোফোন চুরি হয়।