নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট, ২০১৬
এলিগেন্ট শপিং সেন্টারের মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে ছুরিকাহত করে হত্যার প্রতিবাদে ওই শপিং সেন্টার ব্যবসায়ীরা জিন্দাবাজার-জল্লারপাড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
মামুন হত্যার প্রতিবাদে বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে শপিং সেন্টারের সামনে ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় তারা হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মঙ্গলবার ২টার দিকে দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে মোটরসাইকেলে করে চলে যায় হামলাকারী দুই ব্যক্তি। মূল হামলাকারী ব্যক্তির পরনে ছিল বাদামি রঙের টি-শার্ট পরা ছিল।
এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ বুধবার (১৭ আগস্ট) ভোর সোয়া ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র বলেন, ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি