Sylhet Today 24 PRINT

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোটরসাইকেলে নির্বিঘ্নে চলে যায় তিন যুবক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ আগস্ট, ২০১৬

মঙ্গলবার দুপুর ২টার দিকে জিন্দাবাজারের এলিগেন্ট শপিং সেন্টারের সামনে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতন্ডার জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নির্বিঘ্নে চলে যায় তিন যুবক। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর হয় করিম বক্স মামুন (২৬) নামের ওই ব্যবসায়ীর।



এলিগেন্ট শপিং সেন্টারের নিরাপত্তারক্ষী জাবেদ মিয়া সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোটরসাইকেল করে তিন যুবক বেলা ২টার দিকে মার্কেটের সামনে গাড়ি রাখলে নিচে পার্কিং  করে গাড়ি রাখার অনুরোধ করি। কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বলে সরকারি রাস্তায় গাড়ি রাখছি, এটা কি তোর বাপের জায়গা?"

তিনি বলেন, "এরপর অন্য গার্ড কাচা মিয়া এগিয়ে আসলে ওই তিন যুবক আমাদের পেটাতে শুরু করে। এ সময় ব্যবসায়ী মামুন এগিয়ে এসে বিষয়টি সুরাহার চেষ্টা করেন কিন্তু তারা তাঁর  দিকেও তারা ক্ষিপ্ত হয়। পরে হাতাহাতি শুরু হলে জল্লারপাড় রোডের দিকে দৌড়ে নিয়ে তাকে ছুরিকাঘাত করে মোটরসাইকেলে করে চলে যায়। এ সময় আরেকটি মোটরসাইকেল নিয়েও হামলাকারীদের সঙ্গিরা এসেছিল।"

 



এই ঘটনার অন্য প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে মোটরসাইকেলে করে চলে যায়  হামলাকারী ২/৩ জন। ছুরি হাতে থাকা যুবকের পরনে বাদামী রঙের টি-শার্ট ছিল।"

হামলার পর গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু বুধবার ভোরে তিনি মারা যান।



হাসপাতালের চিকিৎসকরা জানান, তাৎক্ষণিকভাবে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। তবে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " এই ঘটনার আসামী শনাক্ত করা হয়েছে, আসামী গ্রেপ্তারে অভিযান চলছে।"

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) রহমতুল্লাহ  সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে, "এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.