Sylhet Today 24 PRINT

ব্যবসায়ী হত্যায় জড়িত অভিযোগে ছাত্রলীগ নেতাকে আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক |  ১৭ আগস্ট, ২০১৬

খুনের দায়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা

সিলেটের এলিগ্যান্ট শপিং সিটির ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যায় জড়িত থাকার অভিযোগ পেয়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সিলেট জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ-সভাপতি এম সুলেমান হোসেন চৌধুরীকে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মুঠোফোনে  সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, "একটা অপ্রত্যাশিত ঘটনায় তাঁর নাম জড়ানোয় আমরা তাকে আজীবন বহিষ্কার করছি।"  

বুধবার কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টার দিকে জিন্দাবাজারের এলিগেন্ট শপিং সেন্টারের সামনে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতন্ডার জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নির্বিঘ্নে চলে যায় তিন যুবক। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর হয় করিম বক্স মামুন (২২) নামের ওই ব্যবসায়ীর।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " এই ঘটনার আসামী শনাক্ত করা হয়েছে, আসামী গ্রেপ্তারে অভিযান চলছে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.