Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার সরকারি কলেজে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী আহত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৬

বিয়ানীবাজার সরকারী কলেজে প্রতিপক্ষ গ্রুপের দু’কর্মীর হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের মুলধারা গ্রুপের এক কর্মী। আহত রেদোয়ান কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সহপাঠিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শনিবার দুপুরে এই ঘটনায় উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, একাদশ শ্রেণীর ছাত্র উপজেলা ছাত্রলীগের মূলধারা গ্রুপের কর্মী রেদোয়ানের সাথে বিবদমান পল্লব গ্রুপের কর্মী নাদিম ও রেদওয়ানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার দুপুরে ছাত্রলীগের মূলধারা গ্রুপের কর্মী রেদোয়ানকে কলেজ ক্যাম্পাসে আকস্মিক হামলা করে পল্লব গ্রুপের কর্মী নাদিম ও রেদওয়ান।

এ ঘটনায় উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিয়ানীবাজার থানা পুলিশ। এদিকে সংগঠিত ঘটনার সুষ্টু সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উভয় গ্রুপের নেতারা।

এ ব্যাপারে পল্লব গ্রুপের নেতা বাবুল জানান, এটি একটি অনাকাংখিত ঘটনা। আমরা বিষয়টি সমাধানের জন্য মূলধারা গ্রুপের সাথে যোগাযোগ করছি, আশা করি বিষয়টির সুষ্ট সমাধান হবে।

মুলধারা গ্রুপের নেতা জাফর আহমদ বলেন, পল্লব গ্রুপের পক্ষ থেকে বিষয়টি সমাধানের জন্য যোগাযোগ করা হয়েছে। অচিরেই এই ঘটনার সমাধান হবে।

বিয়ানীবাজার থানার উপপরিদর্শক দেবাশীষ শর্মা জানান, কলেজের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.