Sylhet Today 24 PRINT

নজরুল একাডেমীর 'উচ্ছেদ ঠেকাতে' ‌জরুরী সভা আজ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৫

সিলেট ‌'নজরুল একাডেমী'র ভূমির দখল ছাড়তে নোটিশ প্রদানের প্রেক্ষিতে করণীয় নির্ধারণে জরুরী সভা আহ্বান করা হয়েছে। আজ (রোববার) বিকেল ৪ টায় নজরুল একাডেমী ভবনে এই জরুরী সভা অনুষ্ঠিত হবে।

একাডেমীর সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ স্বাক্ষরিত জরুরী সভা আহ্বান করেন। সিলেটের রাজনীতি, সংস্কৃতি ও পেশাজীবী নেতৃবৃন্দের আজকের সভায় আহ্বান জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সভায় একাডেমীর ভবন বুঝিয়ে দিতে জেলা প্রশাসকের নোটিশের প্রেক্ষিতে করণীয় সম্পর্কে আলোচনা করা হবে।

উল্লেখ্য, ১০ দিনের মধ্যে ভবনের দখল বুঝিয়ে দিতে গত বৃহস্পতিবার নজরুল একাডেমী কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয়ের অধিগ্রহণকৃত এই ভবনে মাসিক ভাড়া চুক্তিতে দীর্ঘদিন ধরে নজরুল একাডেমীর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেন জনৈক কপিল দাস। আদালত তাঁর পক্ষে রায় প্রদান করে এবং জেলা প্রশাসককে ভূমির দখল বৈধ মালিককে ফিরিয়ে দিতে নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশের প্রেক্ষিতে নজরুল একাডেমীকে দখল ছাড়ার নোটিশ প্রদান করেন জেলা প্রশাসক।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.