নিজস্ব প্রতিবেদক | ২৪ আগস্ট, ২০১৬
‘সুন্দরবনকে মরতে দেবোনা হে’- এমন শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সিলেটে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে সিলেটের সাংস্কৃতিক সংগঠন নগরনাট।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে এই প্রতিবাদী আয়োজন। সুন্দরবন বাঁচানোর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অনুষ্ঠানে নিজেদের পরিবেশনা নিয়ে থাকবে ছন্দ নৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল, চর্যাপাঠ ও আয়োজক সংগঠন নগরনাট।
নগরনাটের সভাপতি অরূপ বাউল বলেন, “আমাদের কাছে দেশ মানে মা, আর সুন্দরবন হচ্ছে মায়ের মুখশ্রী। বাংলাদেশে বিদ্যুত কেন্দ্র স্থাপনের বিকল্প অনেক জায়গা আছে। কিন্তু সুন্দরবন এই পৃথিবীতে একটাই। এর কোন বিকল্প নেই। তাই আমরা সুন্দরবনকে বাঁচানোর দাবি জানাচ্ছি।”
প্রতিবাদী এই আয়োজনে সচেতন সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।