Sylhet Today 24 PRINT

সুন্দরবন বাঁচানোর আহ্বানে সিলেটে নগরনাটের সাংস্কৃতিক প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ আগস্ট, ২০১৬

'সুন্দরবনকে মরতে দেবো না হে'- শ্লোগানকে সামনে রেখে সিলেটে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছে নগরনাট, সিলেট। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে এই প্রতিবাদী আয়োজন চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উজ্জ্বল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে নৃত্য, গণসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে ছন্দ নৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল ও নগরনাট। সুন্দরবনকে নিয়ে আহমেদ বাবুলের রচনায় ও অরূপ বাউলের নির্দেশনায় নাটক 'সুন্দরবন' মঞ্চস্থ করে নগরনাট।

অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চারণ, সিলেট জেলার আহবায়ক নাজিকুল ইসলাম রানা, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশিষ দেবু, শাবিপ্রবি'র বাংলা বিভাগের শিক্ষক সরকার সোহেল রানা, ভূমিসন্তান বাংলাদেশ এর মুখপাত্র আশরাফুল কবির ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম।

বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্র মানুষ চাইলেই তৈরি করতে পারবে। কিন্তু সুন্দরবন একবার ধ্বংস হয়ে গেলে আরেকটি সুন্দরবন তৈরি করা যাবে না। দেশের স্বার্থে বিদ্যুত কেন্দ্র রামপাল থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করা হোক। এ ব্যাপারে পরিবেশ বিজ্ঞানীদের পরামর্শ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশিত নাচ, গান, কবিতা আর নাটকে ছিলো সুন্দরবন বাঁচানোর আহ্বান। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুন্দরবন রক্ষায় নিজেদের সংহতি জানিয়েছেন।

বিদ্যুৎ কেন্দ্র রামপাল থেকে সরিয়ে না নেয়া পর্যন্ত নিজেদের আন্দোলন, প্রতিবাদ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.