Sylhet Today 24 PRINT

বড়লেখায় বাল্যবিবাহের আয়োজন করায় অভিভাবকদের জেল জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২৬ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে রোকশানা আক্তার (১৬) নামের এক কিশোরী। সে সদর ইউনিয়নের আদিত্যের মহাল (বিছরাবাজার) এলাকার মো. আবুল কালামের মেয়ে। বাল্যবিবাহ আয়োজনের অপরাধে শুক্রবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটায় ভ্রাম্যমাণ আদালত কিশোরীর বাবা আবুল কালামকে (৬০) ৭দিনের কারাদণ্ড, মা মিনারা আক্তার ও চাচা আব্দুস ছালামকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের আদিত্যের মহাল (বিছরাবাজার) এলাকার বাসিন্দা মো. আবুল কালাম তার কিশোরী মেয়ে রোকশানার বিয়ের আয়োজন করেন। স্থানীয়ভাবে কিশোরীর বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের লোকজন বিয়ে বাড়িতে উপস্থিত হন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ কনের বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে কনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ আইন ১৯২৯ এর ৬ ধারায় কনের বাবা আবুল কালামকে (৬০) ৭দিনের কারাদণ্ড, মা মিনারা আক্তার ও চাচা আব্দুস ছালামকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন জানান, যথাসময়ে খবর পাওয়ায় প্রশাসন এ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে। গত দু’দিন আগেও আরেকটি বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তারপরও অভিভাবকরা সতর্ক হচ্ছেন না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.