নিজস্ব প্রতিবেদক | ৩০ মার্চ, ২০১৫
রোববার নগরীর সুবিদবাজারের লাভলী রোডের নিজ এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর ব্যবসায়ী শাহ মোহাম্মদ শওকত আলীকে পাওয়া গেছে । অচেতন অবস্থান তাকে ঢাকার গাবতলি থেকে আজ সকাল ৮টার দিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা ।
শওকত আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে ছেলে সৈয়দ আহসান শওকতের মোবাইলে একটি ফোন আসে । ফোন থেকে এক লোক জানান তারা গাবতলি বাস টার্মিনালের পাবলিক টয়লেটের সামনে তাঁকে পড়ে থাকতে দেখেন । পরে অসুস্থ শওকত আলী ফোনে ছেলেকে বলেন- আমাকে নিয়ে যাও ।
ঢাকায় থাকা শওকত আলীর অপর ছেলে পুলিশকে সাথে নিয়ে তাঁকে উদ্ধার করে শ্যামলীতে আত্মীয়ের বাসায় নিয়ে যান । বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। তবে তিনি কীভাবে সিলেট থেকে ঢাকায় গেলেন তা জানা এখনও সম্ভব হয়নি ।