Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু, সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় এক স্কুল শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান (৫২) ছিলেন দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মৌলানা। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে। শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্কুল ছুটি হলে মাওলানা ইমদাদুর রহমান বাড়ি যাওয়ার জন্য স্কুলের গেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও গজনাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমান জানান, দুটি ট্রাক বেপরোয়ভাবে ক্রসিং করতে গিয়ে আমাদের প্রিয় শিক্ষককে চাপা দেয়। প্রিয় শিক্ষকের এই মর্মান্তিক মৃত্যুকে কেউ স্বাভাবিকভাবে নিতে পারেননি বলে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আরিফ জানান, জনগণ রাস্তা অবরোধ করে রাখায় উভয় পাশে হাজার খানেক গাড়ি আটকা পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.