সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল | ৩১ আগস্ট, ২০১৬
শ্রীমঙ্গল পৌরসভার মেয়াদ পূর্ণ হয়েছে প্রায় ৬ মাস। নির্বাচনী বিধি মোতাবেক শপথ গ্রহণের দিন হতে ৫ বছরের মেয়াদ গণনা শুরু হয়। সে অনুযায়ী শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ১৮ জানুয়ারি।
যেহেতু শপথ গ্রহণের দিন থেকে ৫ বছরের গণনা শুরু হয়, সে অনুযায়ী মেয়াদ পূর্ণ হয়েছে শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান পরিষদের। কিন্তু সীমানা সংক্রান্ত নানা জটিলতার কারণে আটকে আছে মেয়াদ পূর্ণ হওয়া এই 'এ'-ক্লাস পৌরসভার নির্বাচন।
এদিকে, পৌরসভার নির্বাচন নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা অসন্তোষ। পৌরসভার নাগরিকরা মনে করেন, যেহেতু কিছুদিন পূর্বে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন সফল ভাবে শেষ হয়েছে, সেহেতু বর্তমান সীমানা ঠিক রেখেই শ্রীমঙ্গল পৌরসভার আগামী নির্বাচন করতে আর কোন বাধা থাকার কথা না। পৌরবাসীরা আরো বলেন, নির্বাচন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হলে পর্যটন নগরী শ্রীমঙ্গলের উন্নয়ন ত্বরান্বিত হবে তাই অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা উচিত।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কমিশনার জান্নাত জাহানের সাথে কথা বলে জানা যায়, ২০১৬ সালের যেকোনো সময় হতে পারে পৌরসভার নির্বাচন।
নির্দিষ্টভাবে এ নির্বাচনের সময় না জানাতে পারলেও তিনি বলেন, “বাংলাদেশ নির্বাচন কমিশন” এর মেয়াদ শেষ হবে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে।
তাই এই নির্বাচন কমিশনের মেয়াদ পূর্তির পূর্বে দেশের যে সকল মেয়াদ পূর্ণ হওয়া পৌরসভা রয়েছে, সে সকল পৌরসভার নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে অনুষ্ঠিত হবার সমূহ সম্ভাবনা রয়েছে।
কারণ বর্তমান নির্বাচন কমিশন, তাদের মেয়াদকালের মধ্যে পড়ে এমন সকল নির্বাচন সম্পন্ন করে যেতে ইচ্ছুক। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এরই মধ্যেই আগামী নির্বাচনকে সামনে রেখে পৌরসভার নতুন প্রার্থীদের সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছেন। কেউ কেউ আবার তাদের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।
যদিও নির্বাচন কমিশন বলছেন, পৌর নির্বাচনের তফশিল ঘোষণার আগে এসব প্রচারণা ভিত্তিহীন।