Sylhet Today 24 PRINT

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বেহাল দশা

জনসাধারনের দুর্ভোগ বাড়ছে

ছাতক সংবাদদাতা  |  ৩১ মার্চ, ২০১৫

ছাতক-গোবিন্দগঞ্জ মধ্যবর্তী সড়কে সংস্কার বন্ধ থাকায় জনসাধারনের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করছে। ফলে এ সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের বিরাজ করছে। 

ছাতক থেকে গোবিন্দগঞ্জের দূরত্ব প্রায় সাড়ে ১২ কিলোমিটার। রাস্তা খারাপের অজুহাতে যাত্রী সাধারণকে ১৫  টাকার স্থলে ভাড়া দিতে হচ্ছে ৩০ টাকা। আর বেলা গড়িয়ে সন্ধ্যা হলেই দ্বিগুন ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের আর ১৫মিনিটের স্থলে ৩৫/৪০ মিনিট সময় ব্যয় হচ্ছে। সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক  সংস্কারের জন্য ২০১৪ সালের শেষ দিকে প্রায় ৫ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ হলেও সংশিষ্ট ঠিকাদার দরপত্রের বাইরে অতিরিক্ত কাজ থাকায় সংস্কার কাজ বন্ধ করে দেয়া হয়।

আগামী বর্ষা মৌসুমের আগে সংস্কার কাজ শেষ না হলে এ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে ধারনা করা হচ্ছে। এ সড়ক দিয়ে প্রতিদিন ভারী যানবাহন যাতায়াত করছে সহস্রাধিক যানবাহন। প্রতিদিন লাফার্জ সুরমা সিমেন্ট, ছাতক সিমেন্ট কারখানা, আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানা, নিটল-নিলয় গ্রুপের কার্টিজ পেপার মিলের মত ভারী শিল্প প্রতিষ্ঠানের মালামাল ও উৎপাদিত পণ্য এসড়ক দিয়েই সরবরাহ করা হচ্ছে।

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের দুর্দশার কারণে এখানে দিন দিন যাত্রী সাধারনের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। আর এ সড়ক দিয়ে  যাতায়াতকারীরা ক্ষুদ্ধ হয়ে উঠছেন সংশিষ্ট কর্তৃপক্ষের প্রতি। এ ব্যাপারে ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার সজীব রঞ্জন দাস জানান, দরপত্র চুক্তির বাইরে অতিরিক্ত কাজ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে আমার কাজ বন্ধ করতে হয়েছে। এ কাজের জন্য অতিরিক্ত বরাদ্দের খবর পাওয়া গেছে। আশা করছি কার্য়ালয়ের আদেশ পেলে আগামী ৩/৪ দিনের মধেই কাজ শুরু হবে।  

ছাতক উপজেলা সড়ক জনপথ বিভাগের কর্মকর্তা সজীব আহমদ জানান, ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কারের কাজটি দরপত্রে শুধু কার্পেটিং এর কাজের উলেখ করা ছিল। অতিরিক্ত কাজের বিশেষ বরাদ্দের জন্য ইতিমধ্যে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের আবেদন করা হয়। ঐ আবেদনের প্রেক্ষিতে সংশিষ্ট মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সংস্কার কাজ পরিদর্শন করে অতিরিক্ত বরাদ্দের পক্ষে মতামত প্রদান করেছেন। আশা করি আগামী এক মাসের মধ্যে পুরো কাজ সম্পন্ন করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.