Sylhet Today 24 PRINT

ভুয়া সনদে চাকরি করার অভিযোগ মাধবপুরের এক শিক্ষকের বিরুদ্ধে

মাধবপুর প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩১ আগস্ট) বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক মো. লুৎফুর রহমান বাদী হয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামানের বি.এড সনদটি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া। হাইকোর্টের রায় অনুযায়ী ২০০৬ সালের পর থেকে সরকার দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিল করেছেন। আর প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামানের সনদটি ২০০৮ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া।

এছাড়া শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং-শিম/১১-২(এমপিও) ২০০৭/৭৫৭ নং অনুযায়ী বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি.এড সনদ সরকারী টিটি কলেজ থেকে নেওয়া এবং বি.এড কোর্স চলাকালীন সময়ে বিদ্যালয় থেকে ছুটি নেওয়া বাধ্যতামূলক হলেও প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান এই নিয়মের কোনটাই মানেননি।

লিখিত অভিযোগ সূত্রে আরো জানা যায়, প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির দেড় লাখ টাকার গাছ, বিদ্যালয়ের ৩টি ল্যাপটপ বিক্রি করে দেন। তাছাড়া ছাত্র বৃত্তির জন্য গোপাল দেব রায় কর্তৃক দেওয়া ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন।

এর আগে একই গ্রামের মোনায়েম খান বাদী হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট বোর্ডের পরিদর্শক বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০০৮ সালে তিনি বি.এড করেছেন। তখন ছুটি নেওয়া বাধ্যতামূলক ছিল না। তাছাড়া সব অভিযোগ গুলো মিথ্যা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.