Sylhet Today 24 PRINT

স্বপ্নপূরণ: ওসমানী থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু আজ

গত ২৯ মার্চ থেকে ওসমানী বিমান বন্দরে রিফুয়েলিং সিস্টেমের উদ্ধোধন করা হয়। বেসরকারী দেশীয় এয়ারলাইন্স ইউএস বাংলা, নভোএয়ার ও রিজেন্ট ওসমানী থেকে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে জ্বালানী সংগ্রহ করছে, আজই প্রথম কোন বিদেশী বিমান ওসমানী থেকে জ্বালানী সংগ্রহ করবে।

ডেস্ক রিপোর্ট |  ০১ এপ্রিল, ২০১৫

ফাইল ছবি

সিলেটবাসীর স্বপ্নপূরণে ১৭ বছর সময় লাগল! ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বিমান ওড়বে ১ এপ্রিল থেকে। প্রথম ফ্লাইট সিলেট টু দুবাই! 

বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওসমানী বিমানবন্দর থেকে দুবাইর উদ্দ্যেশে রওয়ানার মধ্য দিয়ে উন্মোচিত হচ্ছে স্বপ্ন বাস্তবায়নের পথ।

সংযুক্ত আরব আমিরাত থেকে ১৬২ জনযাত্রী নিয়ে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি অবতরণ করবে। এরপর বিকেল ৫টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দর থেকে আবার দুবাইর উদ্দেশে রওয়ানা হবে। আর এ ফ্লাইটই হবে কোন বিদেশী বিমানের সিলেট থেকে সরাসরি ফ্লাইট।

বিমানবন্দর সুত্রে জানা যায়, ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের ৮০০ সিরিজের বোয়িং ৭৩৭ বিমান দুবাই থেকে রওয়ানা হয়ে সরাসরি সিলেটে অবতরণ করবে এবং ওসমানী বিমানবন্দর থেকেই জ্বালানী সংগ্রহ করে পুণরায় যাত্রা শুরু করবে।

বোয়িং ৭৩৭ বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা ১৬২ জন যার মধ্যে ১২টি বিজনেস ক্লাস এবং ১৫০টি ইকোনমি ক্লাস। সিলেট থেকে দুবাইর উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানটির ১৬২টি সিটই মঙ্গলবারের মধ্যে বুকিং হয়ে গেছে বলে জানা গেছে। সুতরাং বুধবার (১ এপ্রিল) সম্পুর্ণ যাত্রী নিয়েই বিমানটি সিলেট ত্যাগ করবে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ওসমানীকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় গত ১৭ বছর ওসমানী থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু সম্ভব হয়নি। রিফুয়েলিং সমস্যার কারণে বিদেশী এয়ারলাইন্সগুলোরও কোন ফ্লাইট ওসমানীতে অবতরণ করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.