নিজস্ব প্রতিবেদক | ০৭ সেপ্টেম্বর, ২০১৬
সিলেট মহানগর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন এলাকায় নতুন করে প্লাস্টিকের ডাস্টবিন বসিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে পর্যায়ক্রমে পাঁচ শতাধিক ডাস্টবিন বসানো হবে বলে জানিয়েছে সিসিক কর্তৃপক্ষ। তবে এ পর্যন্ত ২০০ ডাস্টবিন কেনা হয়েছে। কয়েকটি ইতোমধ্যে নগরীর বিভিন্ন মোড়ে বসানো হয়েছে।
পলিথিনে মোড়ানো প্লাস্টিকের তৈরি এসব ডাস্টবিন চুরি হওয়া ঠেকাতে লাগানো হয়েছে লোহার শেকল।
সিসিক সূত্র জানায়, নগরীতে যেসব ডাস্টবিন রয়েছে, সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। কোনো কোনো ডাস্টবিন একেবারে পচে ময়লার সঙ্গে মিশে গেছে। মাঝেমধ্যে এসব ডাস্টবিন জোড়াতালি দিয়ে মেরামত হলেও সুফল মেলে না। অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের সব সিটি করপোরেশনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। নগর পরিকল্পনাবিদদের মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ‘ক্লিন সিটি’ প্রকল্প হাতে নেওয়া হয়। সে প্রকল্প বাস্তবায়নে আপাতত পরীক্ষামূলকভাবে কাজ শুরুর প্রথম পর্যায়ে সিসিককে ২০০ ডাস্টবিন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান, নগরীকে পরিষ্কার রাখতে এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। আপাতত গুরুত্বপূর্ণ মোড়ে ডাস্টবিন বসানো হচ্ছে। পরে সুফল পাওয়া গেলে নগরীজুড়েই বসানোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি নগর পরিষ্কার রাখতে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, ডাস্টবিন বসানো সিসিকের একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে শুধু ডাস্টবিন বসালেই হবে না, পথচারীদের বিনে ময়লা ফেলার অভ্যাস তৈরি করতে হবে। এ জন্য জনসচেতনতা তৈরি করতে হবে।
পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার দায়ে জরিমানা করা হলে সুফল পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।