নিজস্ব প্রতিবেদক | ০৮ সেপ্টেম্বর, ২০১৬
কর্মবিরতিতে থাকা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত তাদের কর্মসূচী স্থগিত করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারা ২ দিন ব্যাপী চলা কর্মবিরতি সাময়িক ভাবে স্থগিত করেছেন বলে জানান। কর্মবিরতি প্রত্যাহারের ফলে মেডিকেল কলেজের চিকিৎসা কার্যক্রম বর্তমানে সচল হয়েছে বলে জানিয়েছেন তারা।
বুধবার সকাল ৯টায় মেডিকেল কলেজটির ৯০জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি শুরু করেন। এসময় তারা সরকার নির্ধারিত ১৫ হাজার টাকা ভাতা না দেয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন। বৃহস্পতিবারও ইন্টার্ন চিকিৎসকরা একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ডীনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি স্থগিত করে নেন। এসময়ে তারা তাদের শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা মাসিক ১৫ হাজার টাকা ভাতা পেলেও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা ১০ হাজার টাকা পেয়ে থাকেন। সরকার ১৫ হাজার টাকা ইন্টার্ন চিকিৎসকদের জন্য নির্ধারণ করে দেয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসকদের ১৫ হাজার টাকা ভাতা না দেয়ায় দুই দিনের কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা।